সিসি নিউজ: গত এক সপ্তাহ ধরে তীব্র শীত অনুভুত হচ্ছে নীলফামারীতে। সেই সাথে দিনভর ঘন কুয়াশা আর বইছে উত্তরের হিমেল বাতাস। এতে করে চরম দুর্ভোগে পড়েছে এ জেলার দুঃস্থ ও খেটে খাওয়া মানুষজন।
হিমালয়ের পাদদেশে ঘেঁষা নীলফামারী জেলায় গত এক সপ্তাহ ধরে চলছে কনকনে শীত আর হিমেল বাতাস। রাত ৯টা থেকে দুপুর ২টা পযর্ন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে পথ-ঘাট। ঘন কুয়াশার কারণে যানবাহন গুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। জরুরী প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাহিরে বের হচ্ছে না। কনকনে শীত আর ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে খেটে খাওয়া ও নিন্ম আয়ের মানুষজন। শীত বস্ত্রের অভাবে শীতার্ত মানুষজন খড়কুটে জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। সবচেয়ে বেশী বেকায়দায় পড়েছে বয়স্ক ও শিশুরা।
জেলা ত্রাণ ও পূর্ণবাসন অফিস সূত্র মতে সরকারী ভাবে এ যাবত জেলার ৬টি উপজেলার জন্য চার হাজার একশত ৫১টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এ ছাড়া ৩৫ হাজার কম্বল, ২৫ হাজার চাদর ও ২৫ হাজার শিশু পোষাক চেয়ে ঢাকায় জরুরী বার্তা পাঠানো হয়েছে। এদিকে তীব্র শীত মোকাবেলায় সরকারী, বে-সরকারী, বিভিন্ন এনজিও কর্মকর্তা ও জেলার শিল্পপতিদের নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার জরুরী বৈঠক করা হয়েছে বলে জানা গেছে।
তীব্র শীতে মানুষ জনের পাশাপাশি যুবুথুবু হয়ে পড়েছে গবাদি পশুরাও। কেউ চট গায়ে দিয়ে বাহিরে বের করলেও অনেকে দুপুর পযর্ন্ত ঘর থেকে বের করেনি গবাদি পশুকে। এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সাথে সাথে বেচা-কেনা জমিয়ে উঠেছে শীতবস্ত্রের খোলা বাজার গুলোতে।