
সিসি নিউজ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ছাত্র তাপস সরকারকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
নেতারা বলেন, এই অবৈধ সরকার কথায় কথায় আইনের কথা বলে, সংবিধানের কথা বলে কিন্তু নিজেদের দলের নেতা-কর্মীদের জন্য দেশের আইন ব্যবস্থা অকার্যকর করে রেখেছে।
রোববার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে চবি’র সংস্কৃত বিভাগের ছাত্র তাপস সরকারকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এসব কথা বলেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলে, ছাত্রলীগ দেশের সকল শিক্ষাঙ্গনে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয় শুধু ছাত্রসংগঠনগুলোর সঙ্গেই নয় নিজেদের মধ্যেও প্রচুর খুন খারাবি করেছে তারা। চাঁদাবাজি, টেন্ডারবাজি, আধিপত্য নিয়ে তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা নিজেদের মধ্যে গোলাগুলি করেছে। কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
নেতৃদ্বয় অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান এবং ছাত্রলীগের সকল খুনিদের বিচার দাবি করেন।