ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য রক্ত সাগর পাড়ি দিয়ে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু দেশের মানুষ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
সোমবার সকাল ১০টায় বিজয় দিবস উপলক্ষে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা আয়োজিত অনাথ ও পথ শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা হওয়ার কথা ছিল এগিয়ে যাওয়ার প্রেরণা। কিন্তু দু:খজনকভাবে মুক্তিযুদ্ধকে স্বার্থ হাসিলের উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাই স্বাধীনতার অর্জনকে অর্থবহ করতে ছাত্রশিবির নেতাকর্মীদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অসহায় মানুষের পাশে দাড়াতে ছাত্রশিবির তার সাধ্যমত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যার যার অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। তবেই স্বাধীনতার প্রকৃত অর্জন পূর্ণতা পাবে।
ঢাকা মহানগরীর শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে সেক্রেটারি তারেক হোসেনসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।