ঢাকা : আগামীতে ক্ষমতায় গিয়ে বিএনপির খুন হত্যার হিসাব নেবেন বলে ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
বুধবার বিকেলে কাকরাইলের দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন।
এরশাদ বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে খুনি বলে। আয়নায় গিয়ে দেখুন কে খুনি।
তিনি আরো বলেন, বিএনপির আমলে গুলি করে ২০ কৃষকে হত্যা করেছে, সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা হয়েছে, ২১ আগস্ট বোমা মেরে রাষ্ট্রপতির স্ত্রীকে হত্যা করেছে। আগামীতে আবার ক্ষমতায় গিয়ে এসব খুন, হত্যার হিসাব নেব।
জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহম্মেদ বাবলু, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।