সিসি নিউজ: বঙ্গবন্ধুকে রাজাকার বলে কটূক্তি করায় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বিএনপি ভাইস- চেয়ারম্যান তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলে আখ্যায়িত করেছেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় গ্রন্থাগারে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজনে ‘বিজয়ের চলচ্চিত্র উৎসব-২০১৪’ উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘তারেককে আমি আর কী বলব। সে আসলে কুলাঙ্গার। তার পিতা ও মাতা, এমনকি দলের কোনো নেতা বঙ্গবন্ধুকে নিয়ে যে শব্দ উচ্চারণ করেননি তারেক রহমান তাই করছে। এর মাধ্যমে সে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘যখন এ ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তখন বুঝতে হবে যে, পাকিস্তানি প্রেতাত্মারা এখনো এদেশে রয়ে গেছে।’
সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘এটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই যে আমরা একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সোনার বাংলা পেয়েছি।’