নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ডিএম একাডেমী মাঠে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের শুভ সুচনা করেন সংসদ সদস্য এ.কে.এম মোস্তাফিজুর রহমান।
ক্রিড়া প্রতিযোগীতা শেষে সন্ধ্যায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আ.ম.প. আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য এ.কে.এম মোস্তাফিজুর রহমান , উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, নির্বাহী অফিসার আবু হায়াত মো: রহমতুল্লাহ, পৌর মেয়র আব্দুর রহমান মিয়া, নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আবু সাইদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালেকুল ইসলাম, অধ্যক্ষ নাসিমুল ইসলাম রবু, প্রধান শিক্ষক লাকী খাতুন প্রমুখ। পরে প্রতিবন্ধী শিশুদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নাগেশ্বরী উপজেলা বিএনপি সম্পাদককে অব্যহতি
নাগেশ্বরী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদককে পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা কমিটি। জেলা বিএনপি দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে জানানো হয় নাগেশ্বরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এন্তাজ আলী ব্যাক্তিগত কারন দেখিয়ে পদ থেকে অব্যহতি চেয়ে গত ৭ ডিসেম্বর জেলা কমিটিতে লিখিত আবেদন করেন। এর প্রেক্ষিতে জেলা কমিটি ১৫ ডিসেম্বর তাকে অব্যহতি দিয়ে যুগ্ম সম্পাদক মহিউদ্দিন ব্যাপারীকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেয়ার নির্দেশ দিয়ে উপজেলা বিএনপিকে পত্র দেন। উপজেলা বিএনপি সভাপতি গোলাম রসুল রাজা বলেন শীঘ্রই দলীয় সভা ডেকে জেলা কমিটির সিদ্ধান্ত কার্যকর করা হবে। এ বিষয়ে পদত্যাগী নেতা এন্তাজ আলী বলেন অব্যহতি চেয়ে আমি জেলা কমিটিতে কোন আবেদন করিনি। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা মুঠোফোনে সাংবাদিকদের জানান কেউ ব্যাক্তিগত কারনে পদ থেকে অব্যহতি চাইলে কমিটি তা দিতে বাধ্য। এন্তাজ আলীর ক্ষেত্রেও সেটিই হয়েছে। এছাড়া বিগত সময় দলীয় আন্দোলন সংগ্রাম ও কার্যক্রমে তাকে পাওয়া যায়নি।