সিসি নিউজ: মদ্যপ অবস্থায় কথিত কম্পিউটার ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী নূরে আলম সিদ্দিক ওরফে সাগরকে (৩৮) আটক করেছে সৈয়দপুর থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বিজলী সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সৈয়দপুর শহরের পার্বতীপুর সড়কের মিলিটারী পুলিশ চেক পোষ্ট সংলগ্ন সাগর বিলাশের মালিক নূরে আলম সিদ্দিক ওরফে সাগর নেশা জাতীয় পানিয় পান করে নিজেই তার প্রাইভেট কার (ঢাকা-গ-১৩-৯১৩২) চালিয়ে শহরে আসে। রাত সাড়ে ১০টার দিকে সিনেমা রোডের বিজলী মোড়ে সৈয়দপুর থানার দায়িত্বরত এসআই এম আর সায়েদ ও নাজমুল হক মটরসাইকেল যোগে থানায় যাচ্ছিলেন। এ সময় প্রাইভেট কারটি পুলিশ কর্মকর্তাদের মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই দুই পুলিশ কর্মকর্তা রাস্তায় পড়ে যায়। ঘটনার আকষ্মিকতায় পথচারীরা চালকসহ প্রাইভেট কারটিকে আটক করে।
পরে মদ্যপ অবস্থায় কারের চালক কথিত কম্পিউটার ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী নূরে আলম সিদ্দিক ওরফে সাগরকে গাড়ীসহ আটক করে। এ সময় ওই গাড়ী থেকে এক বোতল মদ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের হাতে আটক সাগরের বাড়ি তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের মধুরামপুর গ্রামে। সে নিজেকে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির নেতা হিসেবে পরিচয় দিয়েছেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, আটক সাগর পুলিশের কাছে মদ পানের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি সিসি নিউজকে জানান।