খেলাধুলা ডেস্ক: খেলোয়াড়দের তৃতীয় পক্ষ মালিকানা নিষিদ্ধ করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আগামী বছর ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বাজিকরদের দুর্নীতি রোহিত করতে ফিফা এই সিদ্ধান্ত গ্রহণ করলেও এর ফলে দুর্বল ক্লাবগুলো আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে বলে আশংকা করা হচ্ছে।
শুক্রবার বিশ্ব ফুটবলের কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্তটি নেয়া হয়েছে উল্লেখ করে ফিফার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২০১৫ সালের ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।’
এতে বলা হয়, ‘বর্তমানে যারা চুক্তিবদ্ধ রয়েছেন তাদের চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সেগুলো বলবৎ থাকবে। কিন্তু আগামী ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিলের মধ্যে যে চুক্তি সম্পাদিত হবে তা সর্বোচ্চ এক বছরের জন্য সময় বেধে দিতে হবে।’
তৃতীয় পক্ষ মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা হয়ে আসছিল। যে ফাঁদে আটকে ছিলেন ব্রাজিলীয় সুপার স্টার নেইমার ও আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজের মতো খেলোয়াড়রাও। এর ফলে সম্ভাব্য লভ্যাংশ নিয়ে যেমন বিরোধের সৃষ্টি হয় তেমনি দুর্নীতিরও সুযোগ সৃষ্টি হয়।
তবে এর পক্ষাবলম্বনকারীদের দাবি এর ফলে অসচ্ছল ক্লাবগুলো তাদের সেরা খেলোয়াড়দের আটকে রাখার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে পারে, ফলে তারা ধনী ক্লাবগুলোর সঙ্গে কিছুটা হলেও পাল্লা দিয়ে দল গঠনে সক্ষম হয়। সূত্র: ওয়েবসাইট