দিনাজপুর প্রতিনিধি : পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ হুমায়ুন কবির বলেছেন, শিক্ষা ও সংস্কৃতির আলোয় আলোকিত করতে আধুনিক জ্ঞান-বিজ্ঞানে নিজেকে তৈরি করতে হবে। বিশ্বায়নের তথ্য ও প্রযুক্তির যুগে পড়ালেখাকে চ্যালেঞ্জ হিসেব গ্রহন করতে হবে। তিনি বলেন, দেশকে একটি উন্নত ও শিক্ষিত জাতিতে পরিণত করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।
তিনি শনিবার দিনাজপুর সদর উপজেলার পশ্চিম শিবরামপুর সান্তাল এডুকেশন সেন্টার প্রাঙ্গনে সান্তাল স্টুডেন্টস্ ইউনিয়ন (সাসু) দিনাজপুর জেলা শাখা আয়োজিত ষষ্ঠ জাতিয় সান্তাল ছাত্র-ছাত্রী সম্মেলন-২০১৪ উদযাপন উপলক্ষে “শিক্ষা ও সংস্কৃতির আলোয় আলোকিত করি সান্তাল সমাজ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। সান্তালরা শান্তিপ্রিয় জাতি উল্লেখ করে ডিআইজি হুমায়ুন কবির বলেন, ইতিহাস সাক্ষ্য দেয় এ জাতি কখনো অন্যায়ের বিরুদ্ধে অযৌক্তিক লড়াইয়ে লিপ্ত ছিলনা। বরং অপশাসনের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এ জাতির গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে নাচোলের তেভাগা আন্দোলন ও আমাদের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বীরচিত সংগ্রামে তাদের অংশগ্রহণ মুক্তিযুদ্ধে আমাদের বিজয়কে তরান্বিত করেছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ও দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বক্কর সিদ্দিক।
সান্তাল স্টুডেন্টস্ ইউনিয়ন (সাসু) দিনাজপুর জেলা শাখার সভাপতি রনি হেমব্রমে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সৈকত পাল, সান্তাল স্টুডেন্টস্ ইউনিয়নের সাবেক সভাপতি বুবোধ এম বাস্কে। অনুষ্ঠান পরিচালনা করেন সান্তাল স্টুডেন্টস্ ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জন মুর্মু। প্রবন্ধপাঠ করেন প্রিয়াংকা মুর্মু কেয়া।
আলোচনা সভা শেষে সান্তাল স্টুডেন্টস্ ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।