সিসি নিউজ: শনিবার বিকেলে সৈয়দপুর থানা পুলিশ সৈয়দপুর গ্যাস টারবাইন কেন্দ্রের ভিতরে শ্রমিক সংগঠনের পরিত্যক্ত কক্ষ থেকে আরো একটি চোরাই মটরসাইকেল উদ্ধার করেছে। এটি নম্বর বিহীন লাল রংয়ের হিরো মটরসাইকেল।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই শহীদ ও তামবিরুল ইসলামের নেতৃত্বে মটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাইকে আটক করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য যে, একই স্থান থেকে শুক্রবার রাতে লাল রংয়ের একটি ১০০ সিসি বাজাজ চোরাই মটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এ সময় ওই মটরসাইকেল চুরির সাথে জড়িত বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের ইসরাফিল হক ওরফে বাবুকে (৩০) আটক করে পুলিশ। আটক বাবু সৈয়দপুর শহরের একটি মটরসাইকেল কোম্পানির শো-রুমের কর্মচারী।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন সিসি নিউজকে জানান, চোরাই মটরসাইকেল সিন্ডিকেটের সাথে জড়িত আটক বাবু দীর্ঘ দিন থেকে ওই শো-রুমের কর্মচারীর আড়ালে মটরসাইকেল কেনাবেচা করে আসছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চোরাই মটরসাইকেলগুলো ওই শো-রুমের কিস্তি অনাদায়ী থাকায় জব্দকৃত মটরসাইকেল হিসেবে বিক্রি করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।