লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় রেনুফা আক্তার(১৯) নামে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।
রোববার বেলা সাড়ে ১০টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কাশিরাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রেনুফা আক্তার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট এলাকার লাভলু মিয়ার স্ত্রী। তিনি কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক ডিগ্রী কলেজের এইচ এস সি’র ছাত্রী ।
পুলিশ ও স্থানীয়রা প্রতিনিধিকে জানান, রেনুফা বাবার বাড়ি কাশিরাম থেকে তার স্বামীর মোটর সাইকেলে বান্ধবী ববিতাসহ কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে বাড়ির অদুরে কাশিরাম এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা রংপুর গামি জেপি এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহি বাস(গাজিপুর-০৪-০৭১) পিছন দিক থেকে ধাক্কা দেয়।
এসময় মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে পরে গেলে দূর্ঘটনা ঘটে। এতে মোটর সাইকেলে থাকা রেনুফা ও তার বান্ধবী ববিতা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক রেনুফাকে মৃত ঘোষনা করে।
এ দিকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিকে আটক করে এবং লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ এলে অর্ধঘন্টার পর অবরোধ তুলে নেয় এবং ঘাতক বাসটিকে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনজুরুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে।