দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মো. দেলোয়ার হোসেন (৬০) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। রবিবার দুপুর ১২টায় শহরের চুড়িপট্টি এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিস কার্যালয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ার শহরের মির্জাপুর বাস টার্মিনাল এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে। তিনি করতোয়া কুরিয়ার সার্ভিসে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
করতোয়া কুরিয়ার সার্ভিসের ইনচার্জ মো. মানিক হোসেন জানান, সকালে এসে দেলোয়ারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। কুরিয়ার সার্ভিসের ইনচার্জ জানান, কুরিয়ার কার্যালয়ের টিন কাটা অবস্থায় ছিল। তবে অফিসের কোনো কিছু খোয়া যায়নি বলে তিনি জানান।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। নিহতের গলায় কাটা দাগের চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান জানান, তদন্ত চলছে। দেলোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।