সিসি নিউজ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, প্রমাণ করতে হবে হত্যা নির্যাতন আমাদের ভীত করতে পারেনি বরং শহীদের প্রতিফোটা রক্ত আন্দোলনের গতিকে বেগবান করেছে। শত মায়ের আহাজারি আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে সহযোগিতা করেছে। হাজারো ষড়যন্ত্র আমাদেরকে মহান আদর্শের পথে দৃঢ় করেছে। কোন বাতিল শক্তি আমাদের দমিয়ে দেওয়ার ক্ষমতা রাখেনা। রোববার ছাত্রশিবির ঢাকা উত্তর অঞ্চলের বার্ষিক রিপোর্ট পর্যালোচনা বৈঠকে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি তারেক হাসানের পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেন।
আতিকুর রহমান বলেন, ইসলামী মূলবোধের ভিত্তিতে আগামীর সমৃদ্ধ বাংলা গড়ার প্রত্যয় নিয়ে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। কিন্তু এ পথ কন্টকমুক্ত নয়, বাধা আসবেই। সকল বাধা মোকাবিলা করেই লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে। সেক্রেটারি জেনারেল বলেন, ইসলামী আন্দোলনের পথে বাধা আসবে এটা ঐতিহাসিক বাস্তবতা। এই বাস্তবতার মুখোমুখি হয়েছে ছাত্রশিবিরও। বাতিলের মোকাবিলা করতে গিয়ে শত শহীদের রক্তে স্নাত হয়েছে এই কাফেলা। হাজারো নেতা-কর্মী আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। অনেক নেতাকেই হারাতে হয়েছে -যাদের সন্ধান আজও পাওয়া যায়নি। কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সমর্থক পর্যন্ত অমানবিক নির্যাতনের শিকার হয়ে চলেছে। কারাগারে রয়েছে শীর্ষ নেতারাসহ হাজার হাজার নেতা-কর্মী। শুধু ইসলামী আন্দোলন করার অপরাধে লাখ লাখ নেতা-কর্মীরা ক্যাম্পাস, বাড়ি ঘর থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। প্রত্যাখ্যাত আদর্শের অনুসারীরা হত্যা, জুলুম, নির্যাতন চালিয়ে বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে নির্মূল করার চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয়নি বরং বুমেরাং হয়েছে।
তিনি আরও বলেন- বাতিলের হত্যা, জুলুম, নির্যাতন ও ষড়যন্ত্রকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার কারণেই ছাত্রশিবির আজ বাংলার জমিনে দেশ ও ইসলাম রক্ষায় এক অপ্রতিরোধ্য আন্দোলনের নাম। বাতিলের ষড়যন্ত্র ছিল, আছে এবং থাকবে। আমাদেরকেও বাতিলের সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলা করার প্রস্তুতি নিয়েই ময়দানে কাজ করতে হবে।