• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন |

যেখানে খালেদার জনসভা সেখানেই বিক্ষোভ

Chatro ligগাজীপুর : যেখানে খালেদা জিয়ার জনসভা হবে সেখানেই বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রলীগ। রোববার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে স্থানীয় ছাত্রলীগ এ কর্মসূচি ঘোষণা করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া কটূক্তির জন্য ক্ষমা না চাইলে কিংবা দল থেকে তাকে বহিষ্কার না করলে গাজীপুরে ২৭ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভাস্থলে ছাত্রলীগের ‘বিক্ষোভ সভা’র ঘোষণা দিয়েছে গাজীপুর জেলা ও মহানগর ছাত্রলীগ। তারা ওই দিন একই মাঠে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
লিখিত বক্তব্যে গাজীপুর জেলা ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসেন ও গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে গাজীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাওসার শেখ কামাল, খন্দকার ফাহিম, হাফিজুর রহমান শ্যামল, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সায়মান সরকার, মঈনুল হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক কাজী মো. সাকির, ইমরান হোসেন পলিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া কটূক্তি করেন। এ কটূক্তির জন্য আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে তারেক জিয়া জাতির নিকট নি:শর্ত ক্ষমা, বক্তব্য প্রত্যাহার কিংবা তাকে দল থেকে বহিষ্কার না করলে ২৭ ডিসেম্বর গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপি আহুত জনসভা প্রতিহত করা হবে। যেখানেই বেগম  জিয়ার সভা হবে সেখানেই ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশ করবে।
২৭ ডিসেম্বরের আগের দিন পর্যন্ত প্রতিদিন বিকেলে জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করা হবে। এছাড়া তারেকের রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করারও ঘোষণা দেন তিনি।
গাজীপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল ওই বক্তব্যে এক প্রতিক্রিয়ায় জানান, জনসভা করা আমাদের একটি রাজনৈতিক অধিকার। আমি আশাবাদী দেশে অন্যান্য জেলায় বিএনপি’র জনসভার মতো আগামী ২৭ ডিসেম্বরে গাজীপুরের জনসভাও সফল হবে। এজন্য তিনি সকল রাজনৈতিক দল ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, বিএনপি চায় ২৭ ডিসেম্বর শো’ডাউন করবে। অন্যদিকে ছাত্রলীগও শনিবার শো’ডাউন করে ঘোষণা দিয়েছে যে তারেক রহমানের বক্তব্য প্রত্যাহার না করলে তারা বিএনপি’র জনসভা করতে দেবে না বলে আমরা শুনেছি। আমরা বিষয়টি এখন দেখছি।
আমরা চাচ্ছি না আইনশৃঙ্খলার অবনতি হোক, মানুষের যানমালের ক্ষতি হোক। তবে আমরা যদি দেখি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তা হলে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব।
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোটের জনসভার নির্ধারিত তারিখ রয়েছে। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ