
ঢাকা : বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করছে শিক্ষকরা। রোববার সকাল থেকে শিক্ষকরা এই অনশন কর্মসূচি পালন করছেন।
সুনামগঞ্জ থেকে আসা শিক্ষক আব্দুল মোতালেব বলেন, ‘সরকার প্রজ্ঞাপন জারি করে ২০১০ সালে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণি ও শাখা খোলার অনুমোদন দেয়া হয়। সে অনুযায়ী ২ বছর এমপিও না দেওয়ার শর্তে শিক্ষক নিয়োগ দেয়া হয়। সরকারের শর্ত পূরণ হওয়ার পর আরো ১৬ মাস অতিবাহিত হলেও আমাদের এমপিও ভুক্ত করা হয়নি।’
এ অবস্থায় প্রায় ৩০০ শিক্ষক দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘এই বিষয়ে গত ২৪ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানকালে তিনি বলেছিলেন, অর্থসংকটের কারণে এমপিওভুক্তি করতে পারছেন না। অথচ এরই মধ্যে আমাদের কিছু শিক্ষক প্রশাসনকে ম্যানেজ করে এমপিওভুক্তি করিয়ে নিয়েছেন। একই দেশে দুই নিয়ম তো চলতে পারে না। অবিলম্বে আমাদেরও এমপিওভুক্তি করার দাবিতে আমরা অনশনে নেমেছি।’
অনশন কর্মসূচিতে আরো উপস্থিত আছেন সাবিহা পারভীন, অর্জুন কুমার, নিজামুল হক, এরশাদুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত,বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২বছর পর এমপিওভুক্তি করা হবে শর্তে ২০১০ সালে প্রায় ৩০০ শিক্ষক নিয়োগ দেয়া হয়। শর্ত পূরণের ১৬ মাস অতিবাহিত হলেও এখনও তাদের এমপিও ভুক্ত করা হয়নি।