ঢাকা: খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও লালমাটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আহমদ আলী কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, মাওলানা কাসেমীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সোমবার দুপুরে তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়। মাওলানা আহমদ আলী কাসেমী মোহাম্মদপুর থানা পুলিশের হেফাজতে আছেন। তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে ওসি জানান।
মাওলানা কাসেমীর গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
সোমবার বিকালে গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা বলেন, “আলেম-ওলামাদের ওপর সরকারের ধারাবাহিক দমন-নিপীড়নের অংশ হিসেবেই মাওলানা আহমদ আলী কাসেমীকে আটক করে হেফাজতের পুরোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে আলেম-ওলামাদের এভাবে নির্যাতন চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না।”
তারা অবিলম্বে মাওলানা আহমদ আলী কাসেমীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় ওলামাদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ার করেন।