সিসি নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে অকথ্য ভাষায় বক্তব্য দেয়ায় তারেক রহমান ক্ষমা না চাইলে বিএনপিকে কোনো সমাবেশ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
তিনি বলেছেন, আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে যেকোনো মূল্যে ছাত্র সমাবেশ করা হবে। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সমাবেশে তিনি বলেন, বঙ্গবন্ধুকে কটাক্ষ করে তারেক রহমান যে অকথ্য ভাষায় বক্তব্য রেখেছেন সেজন্য তাকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। এছাড়া সেখানে বিএনপিকে কোনো সমাবেশ করতে দেয়া হবে না। সারাদেশে রাজপথের লড়াই এবং আইনি লড়াইয়ের মাধ্যমে দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাব আমরা।
তিনি বলেন, গাজীপুরের মাটিকে বিএনপি বারবার কলঙ্কিত করেছে। জাতির জনকের প্রতি এই অবমাননা করাকে গাজীপুরের ছাত্রসমাজ এবং শ্রমজীবী মানুষ মেনে নিতে পারেনি। তাই তারা প্রতিবাদ জানাচ্ছে। আমরা আশা করি বিএনপির চেয়ারপারসনের এ বিষয়ে বোধোদয় হবে। গণমাধ্যমে তিনি যে প্রেস রিলিজ পাঠিয়েছেন তাতে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে ও উস্কানীমূলকভাবে এ বক্তব্য দিয়েছেন।
তিনি আরো বলেন, ছাত্রদল যে মন্তব্য করেছেন এ ধরণের অশালীন শব্দের সঙ্গে আমরা পরিচিত নই। ছাত্রদল হয়তো ভুলে গেছে। যে শব্দ তারা উচ্চারণ করেছে তার সমুচিত জবাব তারা অতীতে পেয়েছে। আমি ইতিহাস থেকে তাদের শিক্ষা নিতে বলব।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সম্পাদক শামসুল কবির রাহাত, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাবি শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ, ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেলসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীবৃন্দ।