চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: পলাতক প্রেমিককে ৪ দিনের মধ্যে খুঁজে বের করে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে এমন প্রতিশ্রুতিতে প্রেমিকের বাড়িতে ৪ দিন ধরে অনশনরত প্রেমিকাকে সুকৌশলে বিতাড়িত করলো প্রেমিকের পরিবার। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই সরকারপাড়া গ্রামে।
জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের দগড়বাড়ী চিকারডাঙ্গা গ্রামের মনসুর আলীর মেয়ে আক্তারিনা খাতুনের (২৬) সাথে একই উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই সরকার গ্রামের সামসুল আলমের ছেলে রশিদুলের (২৬) দীর্ঘ ৫ বছর ধরে মন দেয়া নেয়া চলছিল। সম্পর্কের ৩ বছরের মাথায় প্রেমিক রশিদুল চাকুরীর সুবাদে মালদ্বীপে অবস্থান করে। মালদ্বীপে অবস্থানকালে প্রেমিকার সাথে মোবাইল ফোনে অব্যাহত যোগাযোগ রক্ষা করে প্রেমিক রশিদুল। কথা হয় দেশে ফিরে প্রেমিক আক্তারিনাকে বিয়ে করবে। গত ৬ মাস পূর্বে দেশে ফিরে প্রেমিক রশিদুল আক্তারিনাকে এড়িয়ে চলতে থাকে। অনেক চেষ্টার পরও প্রেমিকের কোন সাড়া না পাওয়ায় ঘটনার দিন গত ২০ ডিসেম্বর শনিবার দুপুর হতে প্রেমিকা আক্তারিনা প্রেমিক রশিদুলের বাড়ীতে বিয়ের দাবীতে অনশন শুরু করে। ৪ দিন ধরে অব্যাহত অনশন ভাঙতে স্থানীয় মাতব্বর ও থানা পুলিশের সহায়তায় পলাতক প্রেমিককে ৪ দিনের মধ্যে খুঁজে বের করে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে এমন প্রতিশ্রুতিতে মঙ্গলবার অনশনরত প্রেমিকাকে সুকৌশলে প্রেমিকের বাড়ি হতে বিতাড়িত করেছে প্রেমিক পরিবারের লোকজন। প্রেমিকা আক্তারিনা আল্টিমেটাম দিয়ে বলেছে, রশিদুলের সাথে ৪ দিনের মধ্যে যদি বিয়ের ব্যবস্থা করা না হয় তাহলে সে আত্মহননের পথ বেছে নেবে।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার এস আই শাহাদত হোসেন জানান, বিষয়টি উভয়পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে ৪ দিনের মধ্যে সমাধানের জন্য ইসবপুর ইউপি সদস্য আরিফ হোসেনের উপস্থিতিতে আক্তারিনার পরিবারের লোকজনের হাতে তাকে হস্তান্তর করা হয়েছে।