সিসি ডেস্ক : লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় দলের ৮জন আহত হয়েছেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে।
সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধুকে রাজাকার বলে কটূক্তি করে দেয়া বক্তব্যের প্রতিবাদ জানাতে মঙ্গলবার যুক্তরাজ্য আওয়ামী যুব মহিলা লীগ ও এর অন্যান্য অঙ্গ-সংগঠন সমূহের নেতাকর্মীরা শহীদ আলতাব আলী পার্কে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় মিলিত হন।
জানা যায়, ওই সময় একই জায়গায় যুক্তরাজ্য যুবদল, যুব মহিলা দল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের সভাস্থলে ঢুকে পড়েন এবং উভয় পক্ষ পাল্টাপাল্টি শ্লোগান ও একে অন্যের নেতাদের নিয়ে মারমুখী শ্লোগান দিতে থাকেন।
আওয়ামী লীগের একটি সূত্র দাবি করছেন, যুব মহিলা লীগের কর্মসূচিতে যুবদল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা তাদের নেত্রীদের উপর আক্রমণ করেছেন। তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করেছেন।
এদিকে বিএনপির সূত্র বলেছেন, মহিলা নেত্রীদের আক্রমণ নয়, বরং উভয় দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে।
মিছিল এবং সমাবেশে উপস্থিত ছিলেন এমন কয়েকজন জানান, দু’পক্ষই একে অন্যকে লক্ষ্য করে উত্তেজিত বক্তব্য দিতে শুরু করেন ও হট্টগোল করেন। এ সময় পেছনে থাকা কর্মীদের মাঝ থেকে এক পক্ষ অপর পক্ষকে ধাওয়া দেয়ার ভঙ্গিতে এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষের সমাবেশ ও মিছিলের সামনে থাকা মহিলা দলনেত্রী ও কর্মীবৃন্দ আটকা পড়ে যান। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ায় যুব মহিলা লীগের কয়কেজন নেত্রী ও কর্মী আহত হন বলে জানা গেছে। অপরদিকে বিএনপির যুব মহিলা দলের একজনও আহত হয়েছেন।
একটি সূত্র জানিয়েছে, আওয়ামী যুব মহিলা লীগের পূর্ব নির্ধারিত স্থানে যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অবস্থান নিলে তারা আলতাব আলী পার্কের বাইরের সামনের অংশে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকেন। বিএনপির সূত্র দাবি করেছেন, আওয়ামী যুব মহিলা লীগ এসময় ঝাড়ু মিছিল করছিলেন। অপরদিকে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহীদ মিনারের কাছে থেকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে শ্লোগান দিতে থাকেন।
সংঘর্ষে উভয় পক্ষের ৭-৮ জন আহত হয়েছে। মহিলা আওয়ামী লীগের সূত্র দাবি করেছেন আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলিন ও সাধারণ সম্পাদিকা সাজিয়া স্নিগ্ধা সংঘর্ষে আহত হয়েছেন। আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতাদরে সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সংঘর্ষ চলাকালীন সময়ে পথচারীদের ফোনে মেট্রোপলটিন পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় দলই ধীরে ধীরে সভাস্থল ত্যাগ করে। এসময় পুলিশ সমাবেশস্থল থেকে তিনজনকে আটক করেছে বলে জানা গেলেও পরবর্তীতে যোগাযোগ করে জানা গেছে পুলিশ আটক তিনজনকেই নাম ঠিকানা রেখে ছেড়ে দিয়েছেন।
এদিকে, গত ১৫ ডিসেম্বর তারেক রহমানের বক্তব্যকে ঘিরে যুক্তরাজ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কমিউনিটিতেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এর আগে যুক্তরাজ্য আওয়ামী লীগ সংবাদ সম্মেলনের মাধ্যমে তারেক রহমানের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একদল আরেকদলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন।