সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বাংলাদেশ আ’লীগ সৈয়দপুর পৌর কমিটির সহ-সভাপতি আসাদুর রহমান সরকার ওরফে বাটু সরকার (৬৫) আর নেই। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহে— রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জোহর সৈয়দপুর পৌরসভার কয়া গোলাহাটের সরকারপাড়ায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার এ মৃত্যুতে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, সাবেক পৌর মেয়র আকতার হোসেন বাদল, রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোকছেদুল মোমিন, যুবলীগের সভাপতি মহসিনুল হক মহসিন, ছাত্রলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম টিটু প্রমুখ।
মরহুম আসাদুর রহমান সরকার সৈয়দপুর পৌরসভার ৫বার নির্বাচিত কাউন্সিলর, শিল্প সাহিত্য সংসদের সদস্য, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, জেলার শ্রেষ্ঠ মৎস চাষী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএমসি’র সভাপতি ও ভালো হাডুডু খেলোয়াড় ছিলেন।
আসাদুর রহমান সরকার সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্বাস আলী সরকারের ছোট ভাই ও বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আহসান হাবিব সোহাগের আপন চাচা।