
ঢাকা : মানবতাবিরোধী অপরাধে অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ফাঁসি দেয়ার প্রতিবাদে বুধ ও ববৃহস্পতিবার হরতালের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার বেলা ১২ টা ৪০ মিনিটের দিকে দলটির কেন্দ্রীয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পরে বেলা প্রায় ২টার দিকে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে গণমাধ্যমকে হরতালের বিষয়টি জানান।
বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যার সরকারী ষড়যন্ত্র হচ্ছে। আর এর প্রতিবাদে দলটি আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা ও বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে।
বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির- এটিএম আজহারুল ইসলামসহ আটক সকল জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবি করেন। তিনি বলেন, “সরকার পরিকল্পিতভাবে জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করার ষড়যন্ত্র করছে। সরকারের ধারাবাহিক এ ষড়যন্ত্রের শিকার জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
তিনি বলেন, সরকার মিথ্যা ও কাল্পনিক অভিযোগে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে নিজেদের দলীয় লোকদের দ্বারা আদালতে মিথ্যা সাক্ষ্য প্রদান করে। মিথ্যা মামলায়, সাজানো সাক্ষীর ভিত্তিতে আজ তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে রায় ঘোষণা করেছেন তা একটি ন্যায়ভ্রষ্ট রায় বলেও উল্লেখ করেন তিনি।
এ রায়ে এটিএম আজহারুল ইসলাম ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। এ রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন। উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করলে তিনি খালাস পাবেন বলেও আশা করেন মকবুল আহমাদ।
হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে জামায়াতের সকল শাখা ও কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ ও পেশাজীবীসহ সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানান মকবুল আহমাদ।