সিসি নিউজ: স্কুল-মাদ্রাসায় ইন্টারনেট কানেকশন বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সকল সহযোগিতা দিচ্ছে। তারপরও কোনো প্রতিষ্ঠান কানেকশন না নিলে সেই প্রতিষ্ঠানের নিবন্ধন স্থগিত রাখা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।
জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাকালে এ বিষয়ে তদারকি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এ ছাড়া দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ে অভিন্ন পাঠ পরিকল্পনা চালুর পরামর্শ দেওয়া হয়েছে। যার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানের ব্যবধান কমে আসবে বলে কমিটি আশা করছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আফছারুল আমীন সাংবাদিকদের জানান, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানের ব্যবধান রয়েছে। সে কারণে স্কুলগুলোতে কবে কী পড়ানো হবে সে বিষয়ে সারা বছরের একটি পরিকল্পনা থাকা দরকার। মন্ত্রণালয়কে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, ‘প্রাইমারি স্কুল ও মাদ্রাসাগুলোতে ইন্টারনেট কানেকশন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু অনেক প্রতিষ্ঠান এক্ষেত্রে অবহেলা করছে। তাই মন্ত্রণালয় ইন্টারনেট কানেকশন না নিলে নিবন্ধন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।’
বৈঠকে পরীক্ষামূলক কয়েকটি উপজেলায় নবম শ্রেণীতে অভিন্ন প্রশ্ন ও কোড পদ্ধতি প্রবর্তন করে পরীক্ষা গ্রহণের সুপারিশ করা হয়েছে বলে আফছারুল আমিন জানান।
বৈঠকে শিক্ষার মান উন্নয়নের জন্য সুপারভিশন শুধু প্রশাসনিক কর্মকর্তাদের ওপর ন্যস্ত না করে অভিভাবক ও এলাকাবাসীকে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়। আর উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে সঠিকভাবে মনিটরিংয়ের মাধ্যমে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতকরণের জন্য মন্ত্রণালয়কে আরও বেশী কঠোর হতে বলা হয়েছে।
এ ছাড়া শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও সঠিক মানদণ্ড অনুসরণ করে নিয়োগ প্রদানের জন্য পরিচালনা কমিটির দিকে নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি মো. আফছারুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য জাহাঙ্গীর কবীর নানক, মোহাম্মদ হাছান মাহমুদ, গোলাম মোস্তফা, এস এম আবুল কালাম আজাদ ও মো. মামুনুর রশিদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।