ঢাকা : যে কোনো মূল্যে ৫ জানুয়ারির সমাবেশ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার বরাত দিয়ে তার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এ কথা জানান।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ অসুস্থ হয়ে পড়ায় তাকে দেখতে দলের চেয়ারপারসন বেগম জিয়া নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেতে চান। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে (খালেদা জিয়া) গুলশান রাজনৈতিক কার্যালয় থেকে বের হতে দিচ্ছে না।
অবরুদ্ধ করে রাখা হয়েছে কি না জানতে চাইলে শিমুল বিশ্বাস বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতার মোহে পাগল হয়ে গেছে। তাই কখন কি করে তা বলা যাচ্ছে না।
সর্বশেষ তথ্য মতে এসময় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে রয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদ্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, সংরক্ষিত আসনের সাবেক এমপি খালেদা ইয়াসমিন প্রমুখ।