সিসি নিউজ: ৫ জানুয়ারী ‘গণতন্ত্র হত্যা দিবস’উপলক্ষে সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা মিছিল ও সমাবেশ করে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম। সোমবার দপুরের দিকে শহীদ মিনারের পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামছুল আলম সেলিম বলেন, এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। ১১টি ট্রাক দিয়ে আমাদের নেত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এই অবরোধ ভেঙ্গে আমরা গণতন্ত্রকে উদ্ধার করে ছাড়বোই।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাফরুহী সাত্তার শাহাজানপুরের পানির পাম্পে পড়ে যাওয়া শিশু জিহাদকে গণতন্ত্রের সঙ্গে তুলনা করে বলেন, উদ্ধারকর্মীরা আজকের সরকার। যাদের অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়। আর এ মৃত শিশুটিকে সবশেষে উদ্ধার করতে সক্ষম হয় সাধারণ জনগণ। আজকে আমরা গণতন্ত্র উদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছি। তবে এবার মৃত নয়, জীবিত গণতন্ত্র উদ্ধার করব।
সমাবেশে শেষে শহীদ মিনারে পাদদেশ থেকে কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রান্তিক গেটে গিয়ে শেষ হয়।
শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: শরিফ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক ড. নুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক ড. সুমা মুনতাজ, অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুসহ প্রমূখ উপস্থিত ছিলেন।