সিসি নিউজ: সৈয়দপুরে পার্শ্ববর্তী পার্বতীপুরে মঙ্গলবার রাতে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীর ধারালো অস্ত্রের কোপে সামসুল (৩২) নামের ওই অটোচালকের অন্ডকোষ শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে।
পার্বতীপুর থানা, হাসপাতাল ও স্থানীয় লোকজনের কাছে প্রাপ্ত সূত্রে জানা গেছে, পার্বতীপুর উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নের রাজাবাসর এলাকার বানিয়াপাড়ার মকবুল হোসেনের পুত্র অটোচালক সামসুল। প্রতিবেশীর ওই অটোখানা সে ভাড়ায় চালাতো। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেনীরহাট-দাগলাগঞ্জ সড়কের বটতলা নামক স্থানে ছিনতাইকারীর কবলে পড়ে সামসুল। পথচারীরা ছিনতাইয়ের বিষয়টি আঁচ করতে পেয়ে রাস্তা থেকে কিছু দূরে বাঁশঝাড়ে মুখ বাঁধা অবস্থায় রক্তাক্ত অটোরিক্সা চালক সামসুলকে উদ্ধার করে। ছিনতাইয়ের খবর পেয়ে পার্বতীপুর থানার এসআই রেজাউল করিম, এএসআই সাদেক হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অটোরিক্সা চালককে নিকটবর্তী সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে।
রাত সোয়া ১১টার দিকে সৈয়দপুর হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান, অটোরিক্সা চালকের অন্ডকোষের একটি অংশ শরীর থেকে বিচ্ছিন রয়েছে। অধিক রক্তক্ষরণের কারণে তার উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।