ঢাকা: বিশ্ব ইজতেমার কারণে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এই আহ্বান জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ
গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে প্রথম দফায় ৯-১১ জানুয়ারি এবং দ্বিতীয দফায় ১৬ থেকে ১৮ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে সেখানে ধর্মপ্রাণ মানুষ আসতে শুরু করেছেন।
মাহবুব উল আলম হানিফ অভিযোগ করে বলেন, “আজ (মঙ্গলবার) বিশ্ব ইজতেমার উদ্যোক্তাদের মুরব্বি প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি পূর্বনির্ধারিত সময়সূচি না থাকার অজুহাতে তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি।”
হানিফ বলেন, “এ ঘটনার মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হলো তার ধর্মীয় বিশ্বাস একেবারেই ঠুনকো। ধর্মকে ব্যবহার করে রাজনীতি কলুষিত করাই তার লক্ষ্য।” হানিফ বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে বলেন, “রাজনীতিতে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ ও দিশেহারা হয়ে তিনি নিরপরাধ শান্তিকামী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।”