সিসি নিউজ: তাবলিগ জামায়াতের ইজতেমা নিয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যকে ভণ্ডামি বললেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, “ইজতেমা নিয়ে কথা বলা আওয়ামী লীগ নেতাদের মুখে মানায় না। এগুলো তাদের ভণ্ডামি।”
শুক্রবার সকালে রাজধানীর বনানীতে অঙ্গ সংগঠনের একটি কার্যালয়ে বসে ইজতেমা প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
চলমান আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, “সড়ক-রেল–নৌপথে অবরোধ চলবে। সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। সরকারের পদত্যাগ সময়ের ব্যাপার।”
রিজভী বলেন, “অবৈধ সরকার বন্দুকধারীদের মতো জোর করে ক্ষমতায় টিকে আছে। আমাদের কর্মসূচি স্বাধীন মতপ্রকাশের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তাই সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে।”
তিনি আরো বলেন, “খালেদা জিয়াকে মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা হচ্ছে।”
তিনি দেশবাসীকে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।
ইজতেমা প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ সংবিধান থেকে আল্লাহর নাম মুছে দিয়েছে। তাদের মন্ত্রী-এমপিরা বিভিন্ন সময় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে। ইজতেমা নিয়ে কথা বলা তাদের মুখে মানায় না। এগুলো তাদের ভণ্ডামি।
রিজভী দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
গত শনিবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসে অসুস্থ হয়ে পড়েন রুহুল কবির রিজভী। এরপর রাতেই গোয়েন্দা পুলিশ তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে। পরে বুধবার সেখান থেকে কাউকে না জানিয়ে বের হয়ে আসেন রিজভী।