
গাইবান্ধা : বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে গাইবান্ধার সদর আমলী আদালতে দায়েরকৃত মানহানির মামলার শুনানি শেষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার তারেক রহমানের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এর আগে জেলা ছাত্রলীগ সভাপতি তাহমিদুর রহমান সিজু বাদী হয়ে ২৮ ডিসেম্বর এই ফৌজদারি মামলাটি দায়ের করেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রীর পুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আসামি তারেক রহমান উদ্দেশ্য প্রণোদিত ধৃষ্টতাপন্ন ষড়যন্ত্রমূলক বিবৃতি প্রদান করেছেন। যা বিভিন্ন পত্রিকাসহ গোটা বিশ্বে মিডিয়া সমূহে প্রচারিত হয়েছে।
জাতির জনকের প্রতি অপমানজনক এবং ধৃষ্টতাপন্ন কুৎসা রটনার মাধ্যমে গোটা বাঙালি সমাজকে মর্মাহত অপমানিত করেছেন। সুতরাং ৫০১/৫০৪/৫০৫ (ক) ধারার বিধান মোতাবেক দায়েরকৃত মামলায় অবিলম্বে তারেক রহমানকে বিদেশ থেকে এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানানো হয়।
মামলার শুনানি শেষে বিচারক তাসকিনুল হক ১০ই জানুয়ারির মধ্যে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে ঘটনা তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করলে বিচারক মঙ্গলবার এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।