আফজালে হোসেন, ফুলবাড়ী(দিনাজপুর): দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়ম লংঘন করে ডিও লেটার (কয়লা সরবাহের আদেশ পত্র) জমা নিতে রাজি না হওয়ায় খনির উপ-ব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন) দেলোয়ার হোসেন কে মারধর করেছে শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম নামে দুই ডিও ব্যবসায়ী। গত সোমবার রাতে বড়পুকুরিয়া কয়লা খনি রেলগেট বাজারে এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার হোসেনকে ফুলবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খনি কর্মকর্তাকে মারধরের ঘটনায় শরিফুল ও শহিদুল ইসলামসহ ৫ডিও ব্যবসায়ীকে আসামীকরে গতকাল মঙ্গলবার পার্বতীপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।
আহত বড়পুকুরিয়া কয়লা খনির উপ-ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, অফিস চলাকালে স্থানীয় কয়েকজন যুবক ডিও জমা নেওয়ার লাইন ভেঙ্গে সবার আগে ডিও জমা দেওয়ার চেষ্টা করে। তিনি এ ভাবে নিয়ম লক্সঘন করে ডিও জমা নিতে রাজি না হওয়ায় তারা হুমকি ও অকথ্য ভাষায় গালি গলাজ করে চলে যায়। পরে রাত ৮টার দিকে তিনি খনি গেট বাজারে কেনাকাটা করতে গেলে শরিফুল ও শহিদুলসহ ৪-৫জন ডিও ব্যবসায়ী তাকে টেনে হেঁচড়ে বাজারের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি রাজি না হওয়ায় তারা জামার কলার ধরে তাকে বেদম মারপিট করে রাস্তায় ফেলে রেখে চলে যায়। এব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনির উপ-ব্যবস্থাপক (প্রশাসন) ছানাউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বড়পুকুরিয়া কয়লা খনির পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নওয়াবুর রহমান বলেন, উপ-ব্যবস্থাপককে মারধরের ঘটনায় থানায় মামলা করেছে খনি কর্তৃপক্ষ।