সিসি নিউজ : রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা গাড়ি পোড়ানো মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলার তদন্ত করার স্বার্থে পুলিশের রিমান্ড আবেদন ও আসামি পক্ষের জামিন আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ রোববার বিকেলে এ আদেশ দেন।
আদালতে আসামি পক্ষে শুনানি করেন সানা উল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার। রাষ্ট্রপক্ষে আব্দুল্লাহ আবু জামিন আবেদনের বিরোধিতা করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই মোশারফ হোসেন আদালতে রিজভীকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র্যাব-১। এরপর তাকে রাখা হয় র্যাব সদরদপ্তরে। শনিবার দুপুরে রিজভীকে রাজধানীর বাড্ডা থানায় হস্তান্তর করে র্যাব।
গত ২৬ জানুয়ারি অনাবিল পরিবহণের একটি বাস পোড়ানোর ঘটনায় বাড্ডা থানায় করা মামলায় রিজভীকে গ্রেফতার দেখানো হয়। অনাবিল পরিবহণের সুপার ভাইজার কে এম জমির উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
রিজভী রাজধানীর বিভিন্ন বাসায় অবস্থান করে সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করতেন