বরিশাল : বরগুনার তালতলীস্থ পায়রা নদীর মোহনায় দুই শতাধিক যাত্রী নিয়ে মাহফিলগামী একটি ট্রালার ডুবে গেছে। এতে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে এলাকাবাসী দাবি করেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
ট্রলারের যাত্রী মোহাম্মাদ মহসিন মিয়া জানান, বেলা ১১টার দিকে দুই শতাধিক যাত্রী কিলাপড়া থেকে ট্রলারটি চলাভাঙ্গার দরবার শরীফের ওয়াজ মাহিফিলে অংশ নিতে রওনা হয়। দুপুরে ট্রলারটি পায়রা নদীর তেতুলবাড়ীয়া নামক স্থানে পৌঁছালে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতারে উঠতে সক্ষম হন।
এলাকাবাসীদের দাবি তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৫-২০ যাত্রী। তবে পুলিশ জানিয়েছে, একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ১০-১২ জন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আক্তার জানান, ট্রালারডুবিতে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে চেষ্টা চলছে। এ পর্যন্ত একজনের লাশ উদ্ধার হয়েছে বলে তিনি জানান। বরিশালের জিআইজি রেঞ্জ মো. হুমায়ুন কবির জানান, অতিরিক্ত যাত্রীর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার অভিযান চলছে।
উল্লেখ্য, আজ থেকে ৩ দিনব্যাপী বরগুনার বামনা উপজেলার চলাভাঙ্গা দরবার শরীফে ওয়াজ মাহফিল শুরু হয়েছে। প্রতি বছরই এভাবে ট্রলারযোগে মুসল্লিরা মাহফিলে যোগদান করেন।