দিনাজপুর প্রতিনিধি : তৃতীয় দফা হরতালের সমর্থনে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার সকাল ১১টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি মো. আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ’র নেতৃত্বে আইনজীবী সমিতির প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের করে আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আইনজীবী সমিতি প্রাঙ্গণে এসে শেষ করে। পরে সমিতি প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মো. আব্দুল হালিম, ফোরামের সাধারণ সম্পাদক আ ন ম হাবিবুল্লাহ, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. মো. আনিসুর রহমান চৌধুরী, জেলা মুসলিম লীগের সভাপতি এ্যাড. আবু আলী চৌধুরী প্রমূখ।
বক্তারা বিরোধীদলের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দিয়ে বলেন, সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছে। বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দিচ্ছে না। গত ৪ দিন ধরে বেগম খালেদা জিয়ার গুলশানের অফিসে দলীয় নেতাকর্মীদের নিকট খাবার পৌঁছাতে দিচ্ছে না। বেগম জিয়াকে অবরোধ করে রেখেছে। অথচ সরকার বলছে তিনি (বেগম জিয়া) বোমা নিক্ষেপের হুকুমদাতা। বক্তারা বলেন, যাকে অবরোধ করে রাখা হয়েছে, কেউ তার কাছে যেতে পারছেন না, তিনি কিভাবে পেট্রোল বোমা নিক্ষেপের হুকুমদাতা হলেন তা আমাদের বুঝে আসে না। বক্তারা অবিলম্বে আলাপ-আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনের দাবী জানান।
মিছিল ও সমাবেশে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. একরামুল আমিন, জেলা আইনজীবী ফোরামের সহ-সভাপতি মো. মইনুল ইসলাম, মো. আসির উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম খোকন, মো. রাশেদুল ইসলাম মানিক, কোষাধ্যক্ষ এমাম আলী, প্রচার সম্পাদক মো. আব্দুল বাকী, সহ-প্রচার সম্পাদক বরকত আলী শাহ, দপ্তর সম্পাদক মো. রইস উদ্দীন, সহ-দপ্তর সম্পাদক এ্যাড. মোঃ তারিকুল ইসলাম (তারেক), আইনজীবী জেলা মুসলিম লীগের সাধারণ সম্পাদক মো. আমিন উদ্দীন, ফোরাম নেতা এ্যাড. ফিরোজ ইব্রাহিম, গোলাম ফারুক, মো. মশিউর রহমানসহ অর্ধশতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।