দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলায় আগামী বুধ ও বৃহস্পতিবার ৩৬ ঘন্টার হরতাল ডেকেছে জেলা বিএনপি। সোমবার রাত ৯টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মিন্টুসহ আটক সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি, সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও ২০ দলীয় জোটের ৭ দফা মেনে নেয়ার দাবীতে আগামী ১৮ এবং ১৯ ফেব্রুয়ারী, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টা দিনাজপুর জেলায় সর্বাত্মক হরতাল ডাক জেলা বিএনপি।
হরতাল সফল করতে দিনাজপুর জেলার সকল স্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়েছে জেলা বিএনপি।
উল্লেখ্য, সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান আদালতে হাজির হয়ে জামিন চাইলে দিনাজপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কামাল হোসেন জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
গত ৫ জানুয়ারী শহরের মুন্সিপাড়ায় এলাকায় ভাংচুর, লুটপাট ও নাশকতার অভিযোগে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেন বাদী হয়ে লুৎফর রহমান মিন্টুসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০০-৪০০ জনের নামে এই মামলা দায়ের করেন। এই মামলায় মিন্টুকে হুকুমের আসামী করা হয়।