আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে গোলযোগপূর্ণ কোকাং অঞ্চলে মঙ্গলবার জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট থেইন সেইন। এছাড়া তিনি ওই অঞ্চলে তিন মাসের সামরিক শাসনও ঘোষণা করেছেন।
গত ৯ ফেব্রুয়ারি থেকে সেনাবাহিনী এবং জাতিগত কোকাং বিদ্রোহীদের মধ্যেকার সংঘাত ঠেকাতে তিনি এ পদক্ষেপ নিয়েছেন।
মঙ্গলবার মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ‘গুরুতর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় মানুষের জীবন বিপদাপন্ন হয়ে পড়েছে। এ কারণে মঙ্গলবার থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হলো।’
মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক আর্মি দলের প্রধান এবং কোকাং বিদ্রোহী নেতা ফোন কায়া শিন চীনে পাঁচ বছরের নির্বাসন শেষে সম্প্রতি দেশে ফেরার পর থেকে এ সংঘাত শুরু হয়েছে। দু পক্ষের সংঘর্ষে ইতিমধ্যে ৪৭ সেনা এবং ২৬ বিদ্রোহী নিহত হয়েছে।
এছাড়া ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে গেছে আরো হাজার হাজার মানুষ। এই সংঘাতে উদ্বস্তুদের সংখ্যা বাড়বে বলে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে চীন।
চীনা সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, গত এক সপ্তাহে মিয়ানমার সীমান্ত অতিক্রম করে সে দেশে প্রবেশ করেছে ৩০ হাজার মানুষ।
সূত্র: বিবিসি