আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধবিরতি তদারিকর জন্য পূর্ব ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান প্রত্যাখ্যান করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বৃহস্পতিবার ইউক্রেনের এ আবেদনকে ধ্বংসাত্মক বলে মন্তব্য করেন।
গত সপ্তাহে বেলারুশের রাজধানী মিনস্কে ফ্রান্স ও জার্মানির উদ্যোগে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া ও ইউক্রেন। ইতোমধ্যে পূর্ব ইউক্রেন থেকে সরকারি বাহিনীকে সরিয়েও নেয়া হয়েছে। তবে এরপরেও বিদ্রোহীরা সেখানে লড়াই চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পেরোশোঙ্কো। বুধবার রাতে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের এক জরুরি বৈঠক শেষে যুদ্ধবিরতি তদারকিতে পূর্ব ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব করেন তিনি।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন এ প্রস্তাব প্রত্যাখান করে বলেছেন, ‘এটি একটি ধ্বংসাত্মক আবেদন।’
তিনি বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট যে আবেদন জানিয়েছেন তাতে এই সন্দেহ জাগে যে, তিনি মিনস্ক চুক্তিকে ধ্বংস করতে চান।’
চুরকিন অভিযোগ করে বলেন, ‘প্রেসিডেন্ট পোরোশেঙ্কো মিনস্কে যে চুক্তি সই করেছেন তা উল্টে ফেলে এখন তিনি অন্য কোনো প্রকল্প বাস্তবায়ন করতে চান।’