ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীর খালিশাকোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফের) গুলিতে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীর সহযোগী (রাখাল) নিহত হয়েছেন। নিহতের নাম শ্যামল চন্দ্র বাদ্যকার (৩২)। তিনি উপজেলার নাওডাঙ্গা গ্রামের জগত চন্দ্র বাদ্যকারের পুত্র। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, ফুলবাড়ী উপজেলার খালিশাকোটাল সীমান্তের ৯৩৪ নম্বর পিলারের কাছ দিয়ে বাংলাদেশের ১২/১৪ জনের একটি গরু ব্যবসায়ীর সহযোগীর দল ভারতের করলা এলাকা দিয়ে ৩৫/৪০টি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ওই এলাকার ১২৪ করলা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের ধাওয়া করে পরপর ২ রাউন্ড গুলি বর্ষণ করে।
এতে শ্যামল চন্দ্র ডান পাঁজরে গুলিবিদ্ধ হন। এ সময় পালিয়ে বাংলাদেশ সীমান্তে এলে পরে মারা যান তিনি। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফ কাছে একটি চিঠি পাঠিয়েছেন বিজিবি সদস্যরা।