গাইবান্ধা : জেলার পলাশবাড়ি উপজেলার ঢোলভাঙ্গা বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন এলাকা এবং তার পাশেই কিছুটা দুরে ২টি পয়েন্টে অবৈধভাবে জুয়া এবং হাউজির আসর। অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাফিজুর রহমান বিজিবিদের সাথে নিয়ে এই জুয়া ও হাউজির প্যান্ডেল রোববার গুড়িয়ে দিয়েছে।
উলে¬খ্য, সম্প্রতি জামায়াত-শিবির অধ্যূষিত ওই এলাকার খুব কাছেই তুলসীঘাটের বুড়িরঘরে পেট্রল বোমা হামলা চালিয়ে শিশুসহ ৮ জনকে নৃশংসভাবে পুড়িয়ে মারা হয় এবং এতে আহত হয় ৩২ জন। যার মধ্যে ১৩ জন এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। স্পর্শকাতর পলাশবাড়ি-সাদুল্যাপুর উপজেলার সীমান্তবর্তী পলাশবাড়ি থানা এলাকায় জুয়া এবং হাউজি চালানো হলেও ওই থানার পুলিশ তা জানে না। এছাড়া এসএসসি পরীক্ষা চলাকালিন সময়ে এবং স্পর্শকাতর এই এলাকায় জুয়া-হাউজি চালানোর ফলে এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং জেলা প্রশাসকের কাছে প্রতিকার দাবি করে অভিযোগ করেন।
এব্যাপারে সাদুল্যাপুর থানার ধাপেরহাট পুলিশ ফাঁড়ির এসআই জালাল উদ্দিন জানান, তাদের এলাকায় নয়, পলাশবাড়ি এলাকাতেই ঢোলভাঙ্গা বাজারে ওই জুয়া-হাউজি চালানো হচ্ছিল যা প্রশাসন ভেঙ্গে দিয়েছে।
তবে পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমানের সাথে মোবাইলে কথা বললে তিনি সাংবাদিককে অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, পলাশবাড়ি উপজেলার কোথাও জুয়া-হাউজি চলছে না।
এব্যাপারে জেলা প্রশাসক এহছানে এলাহী জানান, অভিযোগ প্রাপ্তির পর ঢোলভাঙ্গার ওই ২টি স্পটে জুয়া-হাউজির প্যান্ডেল গুড়িয়ে দিয়েছে।