সিসি নিউজ: চট্টগ্রামের ষোলশহর এলাকায় বিশ্ববিদ্যালয়গামী একটি শাটল ট্রেনের দুটি বগি পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। শনিবার রাত সোয়া ৮ টায় নগরীর ষোলশহর রেলস্টেশনে ঘটে এই ঘটনা।
তবে এই সময় ট্রেনের মধ্যে কোন যাত্রী ছিল না। ট্রেনটি রাত ৮টা ৫০ মিনিটে শহরের স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, কখন, কিভাবে কারা আগুন দিয়েছে তা নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পেট্রলবোমা হামলায় ট্রেনের ভেতর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার স্টেশনের একটি গাড়ি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এই সময় আগুন নিভাতে গিয়ে তিন জন দগ্ধ হয়েছেন বলে দাবি স্থানীয়দের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফুল ইসলাম বলেন, আমরা ৭/৮ জন স্টেশন সংলগ্ন ওভারব্রিজের নীচে বসে চা পান করছিলাম। এমন সময় ট্রেনের ভেতর আগুন দেখতে পেয়ে দৌঁড়ে যাই। ধোঁয়া দেখে স্টেশনের কামরায় অপেক্ষারত শত শত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় পান দোকানদার কাশেম বলেন, আগুন লাগার সময় বিকট আওয়াজ হয়েছে। সেগুলো ককটেলের আওয়াজ। যারা এই কাজ করেছে তারা সংখ্যায় ৫/৬ জন ছিল।