সিসি ডেস্ক : ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সাভারের একটি মহিলা কলেজের অধ্যক্ষকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
সোমবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ডে ওই অধ্যক্ষকে গণধোলাই দেয় জনতা। পরে তাকে সোপর্দ করা হয় সাভার মডেল থানা পুলিশের হাতে। সাভার চাকলাদার মহিলা কলেজের ওই অধ্যক্ষের নাম আফতাব উদ্দিন।
পুলিশ জানান, সাভার পৌরসভার থানা রোডে অবস্থিত চাকলাদার মহিলা কলেজের এক ছাত্রী আশুলিয়ার বাইপাইল থেকে যাত্রীবাহী বাসে কলেজে আসছিলেন। পথিমধ্যে কলেজের অধ্যক্ষ আফতাব উদ্দিন ওই বাসে উঠে ওই শিক্ষার্থীর পাশের সিট নেন।
পরে সুযোগ পেয়ে বাসের মধ্যে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালান তিনি। এতে যাত্রীরা ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ আফতাব উদ্দিনকে বাসেই প্রথম দফা গণধোলাই দেয়। সাভার বাজার বাসস্ট্যান্ডে বাসটি থামলে সেখানে আরো এক দফা মারধরের পর পুলিশে খবর দেয় জনতা। সংবাদ পেয়ে পুলিশ সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার পর ওই অধ্যক্ষকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কলেজের পরিচালনা কমিটি। স্থানীয় সংসদ সদস্য ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. এনামুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ প্রমাণিত হলে অধ্যক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।