বিনোদন ডেস্ক: ‘শিল্পী’ নামের একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন লোকগানের বিশিষ্ট শিল্পী কাঙালিনী সুফিয়া। তরুণ নির্মাতা জি এম সৈকতের এ নাটকে স্বচরিত্রেই অভিনয় করবেন তিনি। এর গল্পে দেখা যাবে, তার গানের টানেই কল্পনার রাজ্যে হারিয়ে যাবেন নায়ক। বুঝতে পারবেন, ক্ষণস্থায়ী এ দুনিয়ার রঙিনচিত্রপট। নাটকটি লিখেছেন পরিচালক জি এম সৈকত নিজেই। কাঙ্গালিনী সুফিয়া ছাড়াও এ নাটকে আরো অভিনয় করবেন তিন প্রবীণ অভিনেত্রী রানী সরকার, রাণু দাশ এবং বনশ্রী। এছাড়াও অভিনয় করবেন তানভীর, স্নেহা, সাত্তার, ইসমত আরা লেমন, নাতাশা প্রমুখ। সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে নাটকের শুটিং হবে। নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে বলে জানা গেছে। এই প্রথম অভিনয় করছেন না কাঙ্গালিনী সুফিয়া। প্রায় বিশ বছর আগে তিনি ‘দেয়াল’ শীর্ষক নাটকে প্রথম অভিনয় করেছিলেন। এরপর দীর্ঘ বিরতি দিয়ে তিনি ‘নোনাজলের গল্প’ নাটকে অভিনয় করেন। কাঙালিনী সুফিয়ার ‘বুড়ি হইলাম তোর কারণে’ গানটি অবলম্বনে ‘নোনাজলের গল্প’ নাটকটি নির্মিত হয়েছিল।