ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার বাবকির মোড় নামক স্থানে মুক্তাগাছাগামী অটোর সঙ্গে টাঙ্গাইলগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং আহত হয় আরো তিনজন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো দুইজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে নিহত তিনজন হলেন আলাল (৬৪), সমীর তালুকদার (৩২) ও আকবর আলী (২৫)।
বাকীদের নাম-পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সবাই মুক্তাগাছা উপজেলার বাসিন্দা।