ঢাকা: ফেনীর দাগনভূঁইয়া বাজার এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ মো. ইউসুফ আলী (৬৫) মারা গেছেন। শনিবার রাত ১০টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ১৯ মার্চ রাত সাড়ে ৩ টার সময় ট্রাক চালিয়ে ফেনীর বসুরহাট যাচ্ছিলেন ইউসুফ আলী। ট্রাকটি ফেনীর দাগনভূঁইয়া বাজারে পৌছামাত্র দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে চারজন আগুনে পুড়ে দগ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় শনিবার বেলা সাড়ে ৩ টার সময় দগ্ধ ইউসুফ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে সাড়ে ৬ ঘণ্টার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইউসুফ আলী কুমিল্লা জেলার বুড়িচং থানার কাকিয়ার গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেন।