ঢাকা : ডেসটিনির লুটের টাকা গ্রাহকদের ফেরত দেওয়ার ঘোষণা দিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি বা এমএলএম কোম্পানি লিমিটেড দেশের অগণিত মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে। ওই টাকা ফেরত দেওয়ার চেষ্টা চলছে। মঙ্গলবার জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
অর্থ প্রতিমন্ত্রী বলেছেন, ‘এমএলএম কোম্পানি ডেসটিনি প্রতারণার মাধ্যমে লাখ লাখ মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে। সর্বশান্ত হয়েছে যুবসমাজ। তাদের টাকা কিভাবে ফেরত দেওয়া যায় তার উপায় খুঁজে বের করার চেষ্টা করছে সরকার।’
পীর ফজলুর রহমান প্রশ্ন করেছিলেন, ‘ডেসটিনিতে যারা আমানত রেখেছিলেন তারা অর্থ ফেরত পাবেন কিনা।’
উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘ডেসটিনির লুটপাটের কারণে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। ইতোমধ্যে ডেসটিনির সব সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে সরকার আলোচনা করে যাচ্ছে। গ্রাহকরা অবশ্যই টাকা ফেরত পাবেন। ডেসটিনির সেসব কর্মকর্তা এ প্রতারণার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার হবে।’