বিনোদন ডেস্ক : ভারতের বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ এখন সাতক্ষীরায়। তিনি ‘শঙ্খচিল’ নামের একটি বাংলা চলচ্চিত্রে অভিনয় করতে গত ২৩ মার্চ থেকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্ত নদী ইছামতি পাড়ে শুটিং-এ ব্যস্ত সময় কাটাচ্ছেন।
চলতি মাসের শেষ দিন অথবা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুটিং শেষে তিনি আবার ভারতে ফিরে যাবেন বলে জানা গেছে।
ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষের নির্দেশনায় ‘শঙ্খচিল’ চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। প্রসেনজিৎ-এর সঙ্গে বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা মামুনুর রশিদ ও কুসুম শিকদার এ চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ভারতের চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান আর্শিবাদ চলচ্চিত্র ও বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম যৌথভাবে ‘শঙ্খচিল’ সিনেমাটি নির্মাণ করছে।
গত ২২ মার্চ প্রসেনজিৎ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে সাতক্ষীরায় পা রাখেন। তিনি সাতক্ষীরা শহরের একটি বাগান বাড়ির রেস্ট হাউজে অবস্থান নিয়েছেন। এই চলচিত্রে বাংলাদেশ অংশে সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ কোমরপুর, টাউন শ্রীপুর হাইস্কুল ও দেবহাটা বিজিবি ক্যাম্প এলাকাকে শুটিং স্পট হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর ভারতীয় অংশে (দেবহাটা উপজেলা সদরের ঠিক বিপরীতে) উত্তর চব্বিশ পরগনা জেলার টাকী এলাকায় মূল শুটিংয়ের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
এদিকে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রসেনজিৎকে দেখার জন্য শুটিং স্পটে ভিড় জমাচ্ছে। ভিড় সামলাতে পুলিশ, বিজিবির পাশাপশি স্বেচ্ছাসেবক দল নিয়োগ করা হয়েছে। সাতক্ষীরায় স্থানীয় প্রশাসন আয়োজিত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে প্রসেনজিৎ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।