খেলাধুলা ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে সাত উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে সাকিবের কলকাতা নাইট রাইডার্স।জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে শাহরুখ খানের দল।
দলের পক্ষে অধিনায়ক গৌতম গাম্ভীর সর্বোচ্চ ৫৭ রান করেন। এছাড়া মনিশ পান্ডে (৪০), সূর্যকুমার যাদব অপরাজিত (৪৬) এবং ইউসুফ পাঠান ১৪ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে হারিয়ে ১৬৮ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স।
শুরুর দিকে সাকিব ও মরনি মরকেল উইকেট নিয়ে চাপে ফেলে মুম্বাই ইন্ডিয়ান্সকে। কিন্তু পরে আর কোনও উইকেট না হারিয়ে রোহিত শর্মার ৯৮ ও কোরি এন্ডারসনের ৫৫ রানের সুবাদে ১৬৮ রান করে মুম্বাই।
কলকাতার পক্ষে সাকিব একটি ও মরনি মরকেল দুটি করে উইকেট নেন।
সাকিব কলকাতার হয়ে আইপিএলে এবার চতুর্থবারের মত অংশ নিচ্ছে। আইপিএলে মোট দুইবার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। এর মধ্যে দুইবারই দলে ছিলেন সাকিব।