ঢাকা: রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহীমপুর এলাকায় আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাফরুলের ১৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত দুই কাউন্সিলর প্রার্থী হলেন, ব্যাডমিন্টন মার্কার প্রার্থী মতিউর রহমান (মতি মোল্লা) এবং ঝুড়ি মার্কার প্রার্থী মাহমুদা বেগম। মাহমুদা বেগমের সমর্থিত নেতা-কর্মীরা এ সংঘর্ষের সৃষ্টি করেন বলে অভিযোগ করেন মতিউর রহমানের সমর্থিত নেতা-কর্মীরা।
এ ব্যাপারে কাফরুল থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহিযুল ইসলাম মানিক অভিযোগ করেন, বেলা সাড়ে ১১টার দিকে মাহমুদা বেগম তার নেতা-কর্মীদের নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করে ভয়-ভীতি দেখিয়ে মতিউর রহমানের সমর্থকদের বের করে দিয়ে অবৈধভাবে ভোট দেওয়া শুরু করে। খবর পেয়ে মতিউর রহমানের সমর্থকরা তাদের বাধা দিতে গেলে বেলা ১২টার দিকে উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রাহযুল ইসলাম মানিক আরো জানান, এ ঘটনায় মতিউর রহমানের সমর্থিত কয়েকজন সদস্য আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে কাফরুল থানায় যোগাযোগ করা হলে এসআই হেলেনা জানান, এ ধরনের অভিযোগ থানাতে আসেনি।