ঢাকা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেছেন, এ জাদুঘরকে একটি জীবন্ত সংগ্রহশালা হিসেবে আমরা বাঁচিয়ে রাখতে চাই। বাংলাদেশকে এগিয়ে নিতে চাইলে এ জাদুঘরকে বাঁচিয়ে রাখতে হবে। আর একে বাঁচিয়ে রাখতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিলে এম জি এম এইচ গ্রুপের এক কোটি টাকা অনুদানের চেক গ্রহণের সময় তিনি এ আহবান জানান।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাতে এম জি এম এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনিস আহমেদ চেক তুলে দেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি এখনও সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব স্মৃতি নবনির্মিত জাদুঘরে থাকলে প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে।
সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিসমূহ মুক্তিযুদ্ধ জাদুঘরে দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মুক্তিযুদ্ধ জাদুঘর সম্পর্কে মন্ত্রী বলেন, ‘এ জাদুঘর নির্মাণে প্রথমে আমরা নিম্নবিত্ত কিছু মানুষ উদ্যোগ নিয়েছিলাম। ধীরে ধীরে সারাদেশের মানুষ জাদুঘর নির্মাণে দায়িত্ব নিয়েছেন। স্কুলের ছাত্রছাত্রী, রিকশাচালক- সব ধরনের মানুষ দায়িত্ব না নিলে এ জাদুঘর নির্মাণ সম্ভব হতো না।’
তিনি বলেন, ‘জাদুঘর করতে ১০৫ কোটি টাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী সরকারি তহবিল থেকে ৩৫ কোটি ও বিভিন্ন সংগঠনের কাছ থেকে ২১ কোটি টাকা সংগ্রহ করে দিয়েছেন। ভবন নির্মাণে এমজিএইচ গ্রুপ এগিয়ে আসায় তিনি ধন্যবাদ জানান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি আলী জাকের, ডা. সারওয়ার আলী, মফিদুল হক, আক্কু চৌধুরী, ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী উপস্থিত ছিলেন।