সিসি ডেস্ক: বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা আজ রোববার। যথাযথভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের বৌদ্ধ সম্প্রদায় এই উৎসব উদ্যাপন করছে।
বৌদ্ধধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ লাভ- এই তিন স্মৃতিতে জড়ানো বুদ্ধপূর্ণিমা। এর আরেক নাম বৈশাখী পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব হয় বলে এ রকম নাম হয়েছে। বৌদ্ধপ্রধান দেশসহ বাংলাদেশ এবং বিশ্বের সব বৌদ্ধধর্মানুসারী উৎসব উদ্যাপন করছে মহা ধুমধামে।
বাংলাদেশের বৌদ্ধরা বৈশাখী পূর্ণিমা উদ্যাপনে ধর্মীয় রীতিনীতির মধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিনটিতে দেশে সরকারি ছুটি রয়েছে। ফলে উৎসবে সবার শামিল হওয়ার সুযোগ আছে।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা এবং বিএনপির চেয়ারপারসন পৃথক বাণী দিয়েছেন।
বৌদ্ধধর্ম মতে, এখন থেকে ২ হাজার ৫৫৮ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে হয়েছিল। তাই তার অনুসারীরা এই দিনে যেমন আনন্দ করে তেমনি বুদ্ধের মহাপ্রয়াণের কথা স্মরণ করে প্রার্থনা করে এবং তার প্রচারিত বাণী সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে।