আন্তর্জাতিক ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন রুশনারা আলী। বাংলাদেশের সিলেটের এই মেয়ে ২৪ হাজার ভোটের বিপুল ব্যবধানে পরাজিত করে প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথু স্মিথকে।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে লেবার পার্টি থেকে প্রার্থী হয়ে রুশনারা আলী পেয়েছেন ৩২ হাজার ৩৮৭ ভোট। আর ম্যাথু স্মিথ পেয়েছেন মাত্র ৮ হাজার ৭০ ভোট।
বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের ৮০ হাজার ভোটারের ৬৩.৯ শতাংশ ভোট দিয়েছেন। বাঙালি অধ্যুষিত এ এলাকার ভোটাররা যে রুশনারাকেই আবারও পার্লামেন্টে পাঠাবে তা মোটামুটি নিশ্চিত ছিল।
এর আগে ২০১০ সালের নির্বাচনে পূর্ব লন্ডনের একই আসনে লেবার পার্টির এমপি নির্বাচিত হন রুশনারা। তার এই বিজয়ের মধ্য দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশিদের অভিষেক ঘটে।
সেবার প্রায় ১২ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হন অক্সফোর্ড-পড়ুয়া উদীয়মান রাজনীতিক রুশনারা। এবার ২৪ হাজারের বেশি ব্যবধানে জয়ী হলেন তিনি।
১৯৭৫ সালে সিলেটের বিশ্বনাথে জন্ম নেন রুশনারা আলী। তিনি প্রথমবার যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হয়ে আন্তর্জাতিক উন্নয়ন ও শিক্ষা-বিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি পার্লামেন্টারি ট্রেজারি সিলেক্ট কমিটির সদস্য হিসেবে মেয়াদ পূর্ণ করেন।