সিসি নিউজ: সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী বাজারে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ওই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে ওই বাজারের ৪ নৈশ প্রহরী গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্র মতে, গভীর রাতে মুখোশ পরা ২০-২২ জনের একটি ডাকাত দল বাজারের আরমান টেলিকম, বাবুল মুদি দোকান, লোকমান সারের দোকান, কাদের হোটেলের তালা ভেঙ্গে নগদ টাকা, মোবাইল, ডিভিডি নেয়। অপরদিকে ডাকাতরা বাজারের অন্যান্য প্রায় ১০টি দোকানের তালা ভাঙ্গার চেষ্টা করে। এ সময় নৈশ প্রহরীরা বাঁধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা অস্ত্রের আঘাতে কাজল (৪০), জয়নাল (৩০), আজগার (৪৫) ও জয়নুল (১৭) গুরুতর আহত করে এবং হাত-পা বেঁধে বাজারের পাশে ফেলে রাখে। ওই সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন ডাকাতির ঘটনাটি টের পেয়ে দলবদ্ধ হয়ে ছুটে এলে ডাকাতেরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত নৈশ প্রহরীদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে সিসি নিউজকে জানান, পুলিশের তাৎক্ষণিক উপস্থিতি ও স্থানীয় লোকজনের সংঘবদ্ধতার কারনে বড় ধরনের অঘটন থেকে বাজারের ব্যবসায়ীরা রক্ষা পেয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডাকাত দলের সদস্যদের সনাক্ত করতে জোর প্রচেষ্টা চলছে।